দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে কেন্টকে ১৪০ রানের বড় জয় এনে দিয়েছেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে তিন দিনের মধ্যেই ল্যাঙ্কাশায়ারকে হারিয়েছে কেন্ট।
ব্ল্যাকপুলের স্ট্যানলি পার্কে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ল্যাঙ্কাশায়ার। আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে কেন্ট। জবাবে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ার। এতে ৯১ রানের লিড পায় কেন্ট।
দ্বিতীয় ইনিংসে ৩৩২ রান সংগ্রহ করে কেন্ট, ফলে ল্যাঙ্কাশায়ারের সামনে ৪২৪ রানের কঠিন লক্ষ্য দাঁড়ায়। তবে হাসান মাহমুদের আগুনঝরা বোলিংয়ে ২৮৩ রানের বেশি করতে পারেনি ল্যাঙ্কাশায়ার। এতে ১৪০ রানের বড় জয় নিশ্চিত করে কেন্ট।
ম্যাচের শেষ ইনিংসে ৬৯ রান খরচায় ৬ উইকেট শিকার করেন হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই তার প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়ার কীর্তি।
প্রথম ইনিংসেও ৬ ওভার বল করে ৩ উইকেট নিয়েছিলেন এই পেসার। সব মিলিয়ে ম্যাচে ১০১ রানে ৯ উইকেট নিয়ে গড়েছেন ক্যারিয়ারসেরা বোলিংয়ের রেকর্ড।
এদিন আরেকটি মাইলফলকও স্পর্শ করেন হাসান। দ্বিতীয় ইনিংসের বোলিংয়ের সময় প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক অতিক্রম করেন তিনি। ৩৫ ম্যাচে তার মোট উইকেটসংখ্যা এখন ১০৪।
এই জয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে কেন্ট। চলতি দফায় দলটির হয়ে আরও একটি ম্যাচ খেলবেন হাসান। আগামী শুক্রবার ক্যান্টারবুরিতে মিডলসেক্সের বিপক্ষে মাঠে নামবে কেন্ট।
এমএস/